জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে ১০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেয় মামলার তদন্ত কর্মকর্তারা।
আদালত সূত্রে জানা যায়, দুই আসামির বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডে উসকানি, সহযোগিতা, ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়া’সহ সব হত্যাকাণ্ডের পরামর্শ দেওয়ার প্রমাণ তাদের বিরুদ্ধে পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যার মামলায় প্রধান আসামি, শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১। একই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখাতে প্রসিকিউশনে আবেদন করা হয়েছে।


