জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন। বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে অসুস্থ বোধ করায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাত ৩টার দিকে রাফিয়া রাফি মারা যান। তার দুই শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার আসরের নামাজের পর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে প্রথম জানাজা হবে। এ ছাড়া বগুড়ায় এনসিপি কার্যালয়ের সামনেও তার জানাজা হবে।
এদিকে রাফিয়া রাফির মৃত্যুতে গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছে এনসিপি। এতে বলা হয়, রাফিয়ার অকাল মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারিয়েছে, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা ও সংগ্রামকে উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করে এনসিপি।
এ ছাড়া দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক পেজে এক পোস্টে রাফিয়া রাফির মৃত্যুতে শোকপ্রকাশ করেন এবং সবার কাছে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদের পক্ষ থেকে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হন।


