প্রথম রমজানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার রাজধানী ঢাকার পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেন তারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এদিন ইফতারের আগে জুবাইদা রহমান ও জাইমা রহমান এতিম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে গোটা রমজান জুড়ে কড়াইল বস্তি ও ভাষানটেকের ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহ করা হবে।
এর আগে দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে প্রায় প্রতি বছর রমজানের প্রথম দিনে এতিম ও উলামা-মাশায়েখদের সম্মানে ইফতার আয়োজন করতেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তবে এবার সে প্রচলন ভেঙে কেন্দ্রীয়ভাবে কোনো ইফতার আয়োজন করা হয়নি।


