বরিশালের অতিরিক্ত চিফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালে এজলাস ভাঙচুর, সরকারি নথি ও মালামাল বিনষ্ট করা এবং বিচারককে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। আদালত অবমাননার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি টাইমসকে নিশ্চিত করেছে।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে ঢুকে হট্টগোল করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ কয়েকজন আইনজীবী। তারা এজলাসে ঢুকে বেঞ্চে ধাক্কাধাক্কি ও চিৎকার করার পাশাপাশি কাগজপত্র তছনছ করেন। ডায়াসে থাকা মাইক্রোফোন ভাঙচুর করেন, কার্যতালিকা ছিড়ে ফেলেন। এজলাসে থাকা টেবিল ভেঙে ফেলেন, বসার টুল উপড়ে ফেলেন এবং ধমকে উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের কোর্ট থেকে বের করে দেন। বিচারককে জোরপূর্বক এজলাস থেকে নেমে যেতে বাধ্য করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে সংবাদমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করে।


