বরিশাল আদালতের এজলাসে হামলা ও ভাঙচুরের মামলায় কারাগারে থাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় অ্যাডভোকেট মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে বরিশাল দ্রুতবিচার আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন।
আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন আইনজীবীরা। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ বলেন, ‘১২ আইনজীবীর মধ্যে ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একজনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাকে আটক দেখানো বা জামিন নামঞ্জুর করা হয়েছে তা জানা নেই।’
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে আদালতের চেম্বার থেকে গ্রেপ্তার করা হয় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়াকে কেন্দ্র করে ২৪ ফেব্রুয়ারি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে ভাঙচুর ও বিচার কাজে বাধা দেন আইনজীবী সমিতির সভাপতিসহ কয়েকজন। ওই ঘটনার কয়েকটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে মামলা করেন। মামলায় আইনজীবী সমিতির সভাপতিকে প্রধান আসামি করে মোট ১২ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। এই মামলায় সোমবার জামিন পেলেন ১১ জন আইনজীবী।


