গত সেপ্টেম্বর মাসে দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৩ ও শিশু ৪৭ জন।
রোড সেফটি ফাউন্ডেশন শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়, শুধু মোটরসাইকেল দুর্ঘটনাতেই নিহত হয়েছেন ১৪৩ জন, যা মোট মৃত্যুর ৩৪ দশমিক ২৯ শতাংশ। দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ১১২ জন, চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন।
এ সময় ১৭টি নৌ-দুর্ঘটনায় প্রাণ গেছে ২১ জনের এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। ২৯টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন, আহত হয়েছেন আরও ১৩ জন।
সড়ক দুর্ঘটনার মধ্যে সর্বাধিক ৩৮ দশমিক ৩৪ শতাংশ ঘটেছে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে। মুখোমুখি সংঘর্ষ ২০ শতাংশের বেশি এবং পথচারীকে চাপা দিয়ে দুর্ঘটনার হার ২৬ দশমিক ৬৮ শতাংশ।
জাতীয় মহাসড়কে ৩৬ শতাংশ, আঞ্চলিক সড়কে ৩১ শতাংশ, শহরে ২০ শতাংশ ও গ্রামীণ সড়কে প্রায় ১৩ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। যানবাহনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ট্রাক ও কাভার্ডভ্যানের সম্পৃক্ততা সবচেয়ে বেশি, এরপর রয়েছে মোটরসাইকেল ও বাস।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন। চট্টগ্রামে ৫২টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৫ জনের। বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৬টি দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে ৪৯ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ৩ জন সাংবাদিক, ৬ জন ব্যাংক-বীমা কর্মকর্তা, ৪ জন পোশাক শ্রমিক, ৩ জন কৃষি শ্রমিক ও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।


