ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, ইসলামপন্থীদের একবক্স নীতি বহাল রাখতে দলের অভ্যন্তরীণ ও পারস্পরিক আলোচনা চলমান রয়েছে।
দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বুধবার বিকালে এক জরুরি বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশ, জাতি ও ইসলামের স্বার্থে চরমোনাই পীর ইসলামপন্থীদের জন্য একবক্স নীতির ঘোষণা দেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নীতিতে এখনো অটল রয়েছে।
তিনি বলেন, পারস্পরিক আলোচনা অব্যাহত আছে এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই একবক্স নীতির রূপরেখা ও ধরন স্পষ্ট হবে।
রাজনৈতিক মহল, সাংবাদিক এবং দেশপ্রেমিক জনগণ ইসলামপন্থীদের একবক্স নীতি নিয়ে যে আগ্রহ দেখাচ্ছেন, তা দেশ ও ইসলামের জন্য প্রেরণাদায়ক বলেও মন্তব্য করেন তিনি। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ এই উদ্যোগের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ দলের কেন্দ্রীয় নেতারা।


