জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
সভায় সরকারি অর্থায়ন ১ হাজার ৮৮৫ কোটি ৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫৩ কোটি ২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার একনেক সভাটি প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুমোদিত প্রকল্পগুলোতে নতুন প্রকল্প ৩টি, সংশোধিত প্রকল্প ৭টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকেই মেয়াদ বৃদ্ধির ৩টি প্রকল্প রয়েছে।
এই প্রকল্পগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প, ‘PRO-ACT Bangladesh-Resilience Strengthening through Agri-Food Systems Transformation in Cox’s Bazar’ প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (প্রস্তাবিত ৩য় সংশোধন)’ প্রকল্প এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এসব প্রকল্পের মধ্যে ‘খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধন)’, ‘জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধন)’ এবং ‘গাজীপুর সিটি করপোরেশনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্প’ অন্তর্ভুক্ত রয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, ‘উত্তরা লেক উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প’, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ’ প্রকল্প এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, ‘কিশোরগঞ্জ (বিন্নাটি)-পাকুন্দিয়া-মির্জাপুর টোক জেলা মহাসড়ককে যথাযথ মানে উন্নীতকরণ (১ম সংশোধিত) প্রকল্প’ অনুমোদিত হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, ‘বিএসটিআই’র পদার্থ (ফিজিক্যাল) ও রসায়ন (কেমিক্যাল) পরীক্ষণ ল্যাবরেটরির সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প’ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘মানসিক হাসপাতাল, পাবনা-কে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর’ প্রকল্পও অনুমোদিত হয়েছে।
এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৪র্থ সংশোধিত) প্রকল্প’ এবং ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৫ম সংশোধিত) প্রকল্প’ও একনেক সভায় অনুমোদিত হয়েছে।
সভায় ইতোমধ্যে অনুমোদিত ১২টি প্রকল্পের বিষয়েও একনেক সদস্যদের অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উন্নয়ন, আশার আলো স্কুল ঢাকা (বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য) স্থাপন, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পিরোজপুর স্থাপন, বাংলাদেশ টেলিভিশনের ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন, ফেনী নদীর ওপর সেতু নির্মাণ, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শেখ হাসিনা নকশিপল্লী জামালপুর পর্যায় (১ম সংশোধিত) প্রকল্প, এবং তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও আধুনিকায়ন প্রকল্প (২য় সংশোধিত)।


