শিশির মনির বলেন, ‘মামলার ঘটনা শরীয়তপুরে, মামলা দায়ের করেছে সিরাজগঞ্জে। যার ব্যাপারে মন্তব্যের অভিযোগ তিনি মামলা করেননি। তার হয়ে মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ আদালতের একজন আইনজীবী। মানহানির মামলা এভাবে করা যায় না, নিয়ম নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের আইনে এটা প্রচলিত না। ভারতীয় উপমহাদেশের আইনে মানহানির মামলা তাকেই করতে হয়, যার মানহানি হয়েছে। একজনের মানহানির জন্য আরেকজন মামলা করতে পারে না। এ ক্ষেত্রে আইনের ভুল প্রয়োগ হয়েছে।
এর আগে, ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগ আসে আমির হামজার বিরুদ্ধে।
পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।
এ মামলায় আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর তিনি আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। আট সপ্তাহ পর্যন্ত অথবা মামলা শেষ হওয়া পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়েছে।


