সিটি কর্পোরেশনের প্রশাসকদের মাঠে গিয়ে কাজ করা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সিটি কর্পোরেশনগুলোর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রশাসকদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা দায়িত্ব পালনে সেই যোগ্যতার যথাযথ প্রতিফলন ঘটাবেন—এটাই প্রত্যাশা।
প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আরও দায়িত্বশীল হতে হবে। নিজ নিজ শহর ঘুরে দেখতে হবে, জনগণের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।
সিটি কর্পোরেশনগুলোর সার্বিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
সভায় রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, গাজীপুর, কুমিল্লা, রংপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ—এই ৯টি সিটি কর্পোরেশনের প্রশাসকেরা নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন।
মাঠপর্যায়ে কার্যক্রমের নিবিড় তদারকির নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে আরও সতর্ক হতে হবে, যাতে পরবর্তীতে কোনো জটিলতা তৈরি না হয়।
তিনি দ্রুত চ্যালেঞ্জ শনাক্ত করে সমন্বিত উদ্যোগে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর আহ্বান জানান। জ্বালানি সংকটের কারণে কোনো প্রকল্পের কাজ যেন ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।


