দেশের ২০২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করতে পারেননি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য।
বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে একযোগে দেশের শিক্ষা বোর্ডগুলো এই পরীক্ষার ফল প্রকাশ করে। সেখানেই উঠে আসে এই তথ্য।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে পাসের হার, জিপিএ ৫ এর সংখ্যাসহ পরীক্ষার ফলাফলের খুঁটিনাটি জানানো হয়।
সেখানে দেখা যায়, ২০২৫ সালে ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ৬৫টি।
অন্যদিকে এবার শতভাগ পাস করেছে ৩৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০২৪ সালে যা ছিল ১ হাজার ৩৮৮টি।
গত বছর গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, যা এবার প্রায় ১৯ শতাংশ কমেছে। আর জিপিএ ফাইভ কমেছে প্রায় ৭৮ হাজার।
এবারও পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি নারী শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ ফাইভ বেশি পেয়েছে ৪ হাজার ৯৯১ জন।


