কয়েকদিন টানা বৃষ্টিপাতের ফলে উন্নতি হয়েছে ঢাকার বায়ুমানের। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান এখন ১৭ ।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সবশেষ তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক দাঁড়িয়েছে ৭৩ এ। বায়ুসূচকের এ মান দূষণের দিক থেকে মাঝারি হিসেবে গণ্য করা হয়।
এর আগে গত ২৮ অক্টোবর বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে ছিল ঢাকা।
আইকিউএয়ার প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে তথ্য প্রকাশ করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুমান ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ বা নাগরিকদের জন্য ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের তথ্য মতে, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (বায়ুমান ৪০৬), এরপর ভারতের দিল্লি (বায়ুমান ২৪৬), তৃতীয় স্থানে অবস্থান উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (বায়ুমান ১৭৪)।
এ সময় ঢাকা শহরের আট এলাকার বায়ুমানেও উন্নতি দৃশ্যমান। কল্যাণপুর এর বায়ুমান ১১৯, পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৮৮), গোরান (৭৫), শান্তা ফোরাম (৭৪), ইস্টার্ন হাউজিং (৭৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (৭৩), এছাড়া দক্ষিণ পল্লবী (৭১) এবং বে’জ এজ ওয়াটার (৬৯)।
বাতাসে কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে গণ্য করা হয়। বায়ুমান ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে, বায়ুমান ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এছাড়া, বায়ুমান ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে। সেগুলো হলো বস্তুকণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোন।


