ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছেন চিত্রনায়ক নিরব হোসেন। ‘নায়কের নায়িকা’ শিরোনামের এই সেলিব্রেটি শোতে তার সঙ্গে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় সাত অভিনেত্রী।
জানা গেছে, এটি প্রচলিত কোনো চ্যাট শো নয়; বরং সাত পর্বের একটি পডকাস্টধর্মী আয়োজন। প্রতিটি পর্বে নিরবের অতিথি হয়ে হাজির হবেন একেকজন তারকা অভিনেত্রী। অনুষ্ঠানে থাকছেন পূর্ণিমা, অপু বিশ্বাস, পরীমনি, ববি হক, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মীর্জা ও কেয়া পায়েল।
অনুষ্ঠানটি প্রসঙ্গে নিরব হোসাইন বলেন, এটি মূলত আড্ডাভিত্তিক একটি আয়োজন, যেখানে অতিথিদের ক্যারিয়ার, ব্যক্তিজীবন, সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার পেছনের নানা গল্প উঠে আসবে।
তিনি আরও জানান, দর্শকরা এই আয়োজনে তারকাদের ভিন্ন এক দিক দেখতে পাবেন। ঈদের দিন ২৮ মে থেকে আগামী ৩ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে ‘নায়কের নায়িকা’র নতুন পর্ব।


