নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজের জন্য কর্ণফুলী টানেলে ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত চার রাত ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যান চলাচল পরিচালনা করা হবে। এ সময় যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানলে প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় প্রয়োজন অনুযায়ী কর্ণফুলী টানেলের ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’—যেকোনো একটি টিউব দিয়ে উভয়মুখী যান চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হবে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে বিদ্যমান যানবাহনের চাপ অনুযায়ী টানেলের দুই প্রান্তে সাময়িকভাবে যানবাহন থামিয়ে রাখা হতে পারে। এ ক্ষেত্রে অপেক্ষার সময় সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট হতে পারে।
নিরাপদ ও কার্যকরভাবে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে যানবাহন চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।


