পবিত্র ঈদুল আযহা আজ। এবারের ঈদে ৯টি চলচ্চিত্র দেশের ১৫০ শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে বলে জানিয়েছে, চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
মুক্তি প্রাপ্ত সিনেমার তালিকায় রয়েছে, ‘রকস্টার’, ‘মাসুদ রানা’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’।
প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘ঈদে একসঙ্গে এত সিনেমা মুক্তি দেওয়া ভবিষ্যতে প্রযোজকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।’
রকস্টার
ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খান অভিনীত রকস্টার। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে প্রথম প্রচারণা পোস্টার প্রকাশিত হয় এবং পরে অফিসিয়াল টিজারও আসে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে।
রইদ
‘হাওয়া’খ্যাত পরিচালক মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে দর্শকদের আলাদা আগ্রহ রয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও টুটুল ফকির। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।
মালিক
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ পরিচালনা করেছেন সাইফ চন্দন। সিনেমা টি মায়ের সম্মান রক্ষার লড়াইয়ে এক যুবকের অপরাধজগতে উত্থানের গল্পে নির্মিত।
মাসুদ রানা
সৈকত নাসির পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মাসুদ রানা’-তে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরি। কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট ‘মাসুদ রানা’-কে বড় পর্দায় আনার এই প্রচেষ্টা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে।
বনলতা সেন
সরকারি অনুদানে নির্মিত বনলতা সেন পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। কবি জীবনানন্দ দাশের কবিতার জগৎকে বাস্তবতা ও রূপকের মিশেলে উপস্থাপন করেছেন। এতে বনলতা চরিত্রে আছেন মাসুমা রহমান নাবিলা এবং কবির চরিত্রে খাইরুল বাশার।
পিনিক
এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে জাহিদ জুয়েলের। এর প্রধান চরিত্রে আছেন আদর আজাদ ও বুবলি। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্পে বোনা এই চলচ্চিত্রে দর্শক একসঙ্গে অ্যাকশন, রোমান্স ও সাসপেন্সের স্বাদ পাবেন।
তছনছ
বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে রয়েছেন মুন্না খান ও ববি হক। সিনেমাটি মুক্তির আগেই সংবাদ সম্মেলনে না আসায় নায়িকা ববির বিপক্ষে মামলার হুমকি দিয়েছে নায়ক-প্রযোজক মুন্না। অভিযোগ করেছেন, ববির কারণে অতিরিক্ত ৮০ লাখ টাকা খরচ হয়েছে সিনেমাটি নির্মাণে।
অফিসার
বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে রয়েছেন মাহিয়া মাহি ও ডিএ তায়েব।
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুর
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি ও তরুণদের বাস্তব জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। আকাশ হক পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালা।


