আসন্ন ঈদুল আজহায় যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য একটি নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আদালত সূত্রে জানা গেছে, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া, ৫০ মাইলের বেশি পথ পাড়ি দেওয়া ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার কথা বলা হয়েছে।
আইনের ১১৯ ধারায় উল্লেখ আছে, নারীদের জন্য সংরক্ষিত কামরায় বিনা অনুমতিতে কেউ প্রবেশ করলে তাকে জরিমানা করা হবে।
আইনের এই বিধানগুলো কার্যকর না হওয়ায় ২০২১ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। আইনের বিধান অনুযায়ী প্রতিটি ট্রেনে কেন নারীদের জন্য কামরা বরাদ্দ রাখা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছিল।
আইনজীবী মো. আজমল হোসেন খোকন জানান, গত ঈদুল ফিতরের সময় ট্রেন যাত্রায় নারীদের দুর্ভোগের বিষয়টি লক্ষ্য করে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এই সম্পূরক আবেদনটি করা হয়। আদালত শুনানি শেষে প্রতিটি ট্রেনে নারীদের জন্য একটি কামরা বরাদ্দ রাখার এই নির্দেশ দেন।


