পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের জনগণসহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, ত্যাগ ও সংযমের পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়, যা সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি গড়ে তুলতে সহায়ক।
তিনি আরও বলেন, ঈদের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হওয়া জরুরি। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়-এটাই ঈদের মূল তাৎপর্য।
প্রধানমন্ত্রী সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, ঈদুল ফিতরের মাধ্যমে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহনশীলতা আরও সুদৃঢ় হবে।
বাণীতে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন পবিত্র ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।


