আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি থাকবে। তবে ২৩ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে।
বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদিত হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করার মাধ্যমে জনস্বাস্থ্যের মানোন্নয়ন ঘটানো।
বিশেষ করে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব পরিবেশ তৈরি করা এই নীতিমালার অন্যতম অগ্রাধিকার। এ ছাড়া টয়লেট ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি কার্যকর অর্থায়ন ও ব্যবস্থাপনা মডেল তৈরি করা এর অন্যতম উদ্দেশ্য।
নীতিমালাটি বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে।
পরিবেশ রক্ষায় প্রতিটি টয়লেটে সেপটিক ট্যাংক থাকা আবশ্যক, যাতে কোনোভাবেই বর্জ্য জলাশয়ে পড়ে পানিদূষণ না ঘটায়। সড়ক ও মহাসড়কের পাশে পর্যাপ্ত পাবলিক টয়লেট স্থাপনের জন্য স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন বিভাগকে যৌথ দায়িত্ব দেওয়া হয়েছে।
এই নীতিমালা সফল করতে প্রতিটি সংশ্লিষ্ট বিভাগকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।


