কুমিল্লা-১ ও ২ আসন আগের সীমানায় পুনর্বহাল করতে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও কামাল হোসেন মিয়াজী।
রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিক ও আইনজীবী সাইফুল ইসলাম উজ্জ্বল।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন।
গত বছরের ৪ সেপ্টেম্বর ইসি সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। তাতে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-১ আসন এবং হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ সংসদীয় আসন পুনর্নির্ধারণ করা হয়।
গেজেটের অংশ বিশেষের বৈধতা চ্যালেঞ্জ করে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনসহ ছয় ব্যক্তি গত বছর রিট করেন।
সেই রিটের শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে।
এ মামলায় বিবাদী হিসেবে যুক্ত হন কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন ও মেঘনা উপজেলার বাসিন্দা এম এ মিজানুর। চূড়ান্ত শুনানি শেষে ৮ জানুয়ারি রুল যথাযথ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।
রায়ে দাউদকান্দি–তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-১ আসন এবং হোমনা-মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসন আগের সীমানায় পুনর্বহাল করতে বলা হয়।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ইসি ও কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন আপিল বিভাগে পৃথক আবেদন করেন। আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার আদালতের ১১ জানুয়ারির কার্যতালিকায় ওঠে।
সেদিন শুনানি নিয়ে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে। লিভ টু আপিল দায়ের করা পর্যন্ত হাইকোর্টের রায় চেম্বার আদালতের আদেশে স্থগিত করা হয়।
এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন আলাদা লিভ টু আপিল করেন।


