ঢাকার শ্যামপুরে রড চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রহিম (৩৫)। অভিযোগ উঠেছে, তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন প্রকল্প এলাকায় রড চুরির চেষ্টা করেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুর পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএর নির্মাণাধীন প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই প্রকল্প এলাকা থেকে রড চুরির চেষ্টা করেন আব্দুর রহিম। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহআলম জানান, নিহতের নাম আব্দুর রহিম জানা গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


