বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতাকে ‘কারাগারের অপচিকিৎসার ফল’ হিসেবে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা কারাগারে থাকা অবস্থায় অপ-চিকিৎসার ফল।’
রোববার সন্ধ্যায় নয়া পল্টন কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘যদি এক-এগারো না আসত, যদি ওনার ওপর অপ-চিকিৎসা না করা হতো, তাহলে তাকে এই অবস্থায় পড়তে হতো না। জেলে থাকা অবস্থায় অপ-চিকিৎসা দেওয়া হয়েছে, ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।’
মির্জা আব্বাস বলেন, ‘যাকে আজ জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তার জন্য দেশজুড়ে দোয়া করা হচ্ছে। মানুষের এই ভালোবাসা প্রমাণ করে, তিনি সবার প্রিয়।’
তিনি আরও বলেন, ‘আসুন আমরা সবাই মিলে নেত্রীর জন্য দোয়া করি। আল্লাহর কাছে আবেদন করি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আল্লাহ নিশ্চয়ই মজলুমের কথা শোনেন।’
গত ২ নভেম্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
খালেদা জিয়ার অতীত রাজনৈতিক অবস্থান নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘তাকে নিয়ে আমরা গর্ব করি। তিনি বলেছিলেন–বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। এক-এগারো’র সময় শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও খালেদা জিয়া বারবার বলেন, তিনি দেশের মাটি ও মানুষের মধ্যে থাকতে চান। বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। মাইনাস টু ফর্মুলার অধীনে বহু চেষ্টা সত্ত্বেও তিনি দেশ ছাড়েননি।’
স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া জাতির অভিভাবক। রাষ্ট্রীয়ভাবে তার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রপতিও দেশবাসীকে দোয়া করার অনুরোধ করেছেন। আমার জানা মতে সবাই তার আরোগ্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন।’


