ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক নুরনবী মানিক এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করেন।
একই সঙ্গে ব্যাংকটির মালিকানা প্রকৃত ও আদি মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, ব্যাংক লুটেরাদের বিচার, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগ ও ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি। দাবি আদায়ে আগামী ২১ জুন ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ও ২২ জুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে নুরনবী মানিক বলেন, ‘ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়। এটি দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক। কোটি কোটি গ্রাহকের আস্থা, সঞ্চয় ও অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে প্রতিষ্ঠানটি ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংকটির সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির স্বার্থে গুরুত্বপূর্ণ।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০১৭ সালে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারের মাধ্যমে ইসলামী ব্যাংকের বৈধ মালিকানা পরিবর্তন করা হয়। আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ সহায়তায় এস আলম গ্রুপসহ বিভিন্ন চক্র নামে-বেনামে প্রায় ১ লাখ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট ও বিদেশে পাচার করেছে। এ ঘটনায় জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও তাদের দেশ-বিদেশের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।
সংগঠনটির অভিযোগ, বাংলাদেশ ব্যাংক চেয়ারম্যান পরিবর্তন ও তারল্যসংকট মোকাবিলায় কিছু পদক্ষেপ নিলেও ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সাত দফা দাবির মধ্যে রয়েছে অংশীজনদের সঙ্গে আলোচনা করে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, ব্যাংকের মালিকানা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার ও সম্পদ বাজেয়াপ্তে বিশেষ টাস্কফোর্স গঠন, ব্যাংক কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে অভিযুক্তদের পুনরায় পরিচালক হওয়ার সুযোগ বন্ধ করা এবং ইসলামী ব্যাংক সম্পর্কিত বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য প্রত্যাহার।
সংগঠনটির নেতারা বলেন, উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


