ইসলামী ব্যাংক ‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগান নিয়ে ‘গ্রাহক সেবা মাস’ ক্যাম্পেইন শুরু করেছে।
বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা সরাসরি এবং সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলতাফ হুসাইন জানান, বর্তমানে ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং রেমিট্যান্স গ্রাহকরাও নির্বিঘ্নে সেবা পাচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, যেসব গ্রাহক পূর্বে হিসাব বন্ধ করে অর্থ উত্তোলন করেছিলেন, তাদের অধিকাংশই ইতোমধ্যে ব্যাংকের ওপর আস্থা রেখে পুনরায় ফিরে এসেছেন, যা ব্যাংকের প্রতি তাদের দীর্ঘদিনের বিশ্বাসের প্রতিফলন।
ইসলামী ব্যাংককে একটি শক্তিশালী, স্থিতিশীল ও সুদৃঢ় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি সকলকে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।


