ইসরায়েলের বাধা ও আটকের পরেও ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ত্রাণবাহী ৩০টি নৌযান।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাকি ৩০টি নৌকা এখনও গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে তারা গাজার উপকূল থেকে ৪৬ নটিক্যাল মাইলের মধ্যে রয়েছে।
নৌযানগুলো যখন গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে, সেসময় তাতে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। বহরের অন্তত ১৩টি নৌকা থামিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে রয়টার্স। সেইসঙ্গে নৌকার আরোহি মানবাধিকারকর্মীদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে। যাদের মধ্যে রয়েছেন সুইডেনের গ্রেটা থুনবার্গও।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উদ্দেশ্য সমুদ্রপথে গাজার জন্য মানবিক সাহায্য পাঠানো। গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনো থেকে যাত্রা শুরু করে প্রথম বহর। ধীরে ধীরে এতে যুক্ত হয় নতুন নতুন নৌযান। সবশেষ এই বহরে যুক্ত হয়েছিল বিভিন্ন দেশের ৪০টি নৌযান। যেগুলোয় গাজার জন্য সহায়তা নিয়ে যাচ্ছিলেন অন্তত ৪৪ দেশের ৫০০ মানুষ। এখন পর্যন্ত আলোকচিত্রী শহিদুল আলমসহ দুই বাংলাদেশির এই বহরে থাকার খবর পাওয়া গেছে।
ফ্লোটিলার টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, কিছু নৌকা আটক হওয়ার পরেও বাকিগুলো এখনও গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর মিশন বাস্তবায়নে চেষ্টা করছে।


