ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে অগ্রসর হচ্ছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি করার ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো না করতে নিজের প্রতিনিধিদলকে নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে লিখেছেন, ‘আমি প্রতিনিধিদের চুক্তির জন্য তাড়াহুড়ো না করতে জানিয়ে দিয়েছি এবং সময় এখন আমাদের পক্ষে রয়েছে।’
অবশ্য এর আগে গত শুক্রবার রাতে ট্রাম্প দাবি করেছিলেন, তেহরানের সঙ্গে একটি মার্কিন চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে’।
সরাসরি চুক্তির শর্ত ও জলসীমার পরিস্থিতি উল্লেখ করে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে কঠোর অবরোধ রয়েছে, তা এখনই প্রত্যাহার করা হচ্ছে না। তিনি বলেন, ‘একটি চুক্তি সম্পূর্ণ, প্রত্যয়িত এবং সই না হওয়া পর্যন্ত এই জলসীমায় মার্কিন নৌবাহিনীর অবরোধ সম্পূর্ণ কার্যকর থাকবে।’
চুক্তি নিয়ে কোনো ধরনের ভুল বা খামতি না রাখার ওপর জোর দিয়ে ট্রাম্প আরও লিখেছেন, ‘উভয় পক্ষকে পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটিকে ঠিকভাবে সম্পন্ন করতে হবে। কোনো ভুল করা যাবে না।’
তবে অতীতের তুলনায় ইরানের সঙ্গে বর্তমান সম্পর্ক এখন অনেক বেশি পেশাদার এবং ফলপ্রসূ হয়ে উঠছে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


