কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ হত্যার ১০০ দিন পেরিয়েছে। এখনো এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় রোববার অগ্নির তদন্ত যাত্রা’ নামে প্রতীকী লাশ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরপাড় থেকে মিছিলটি শুরু করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের শিক্ষার্থী হিসেবে মূল্যায়ন করে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ সন্তান হিসেবে ভাবলে এই হত্যার বিচার হতো। এই ১০০ দিন বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার।
প্রশাসন যদি মনে করে যে ইবি শিক্ষার্থীরা সাজিদকে ভুলে যাবে তাহলে সেটা ভুল উল্লেখ করে তারা বলেন, সাজিদ হত্যার বিচারের শেষ না দেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরবে না।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুফ আলী বলেন, ‘আপনারা যতই টালবাহানা করুন আমরা সাজিদকে ভুলছি না। সাজিদের হত্যার বিচার না হলে কেউই নিজেদের নিরাপদ মনে করছি না।’
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অথর্বের ভূমিকায় রয়েছে। সিআইডি-প্রশাসন আমাদের দেখাচ্ছে যে, আমরা কাজ করছি। আজকের পরে তাদের আর সময় দেওয়া হবে না। তাদের অগ্রগতির ব্যাপারে স্পষ্ট করে জানাতে হবে আমাদের। কোনো যদি, কিন্তুর কথা চলবে না।’
‘প্রতিটি শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক কাজ করছে কখন কাকে মেরে ফেলা হয়। যতক্ষণ না সাজিদের খুনিদের ফাসির দড়িতে ঝুলতে দেখব ততদিন শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাবে।’
মিছিলে আরও উপস্থিত ছিলেন- সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়ার সেক্রেটারি শামীম হোসেন, খেলাফত ছাত্র মজলিশ সভাপতি সাদেক খান, শিক্ষার্থী বোরহান উদ্দিন, রেজাউল রাকিবসহ সাধারণ শিক্ষার্থীরা।


