সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে শ্যামনগরের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুভঙ্কর তার এক বন্ধুকে নিয়ে বুড়িগোয়ালিনী এলাকা থেকে মোটরসাইকেলে শ্যামনগর উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে শ্যামনগর উপজেলার সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় বাসচাপায় নিহত ১
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা শুভংকরের বন্ধু আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক চিরঞ্জিব গাইন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


