সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি সুপর্ণা সুর চৌধুরীকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
দুদকের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব এসব তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার দিন কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, সুপর্ণা সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগের পর তার নিজের এবং তার স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়।
২০২৪ সালের ২৭ অক্টোবর সুপর্ণা সুর চৌধুরী নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ নির্ধারিত ফরম গ্রহণ করেন। তবে আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইনের ধারায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক এ এম তাহের। এরপর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সুপর্ণা সুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলার বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্যপ্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের এই রায় দেয়।


