রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের উপর পাড়া (আবাসিক) এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের (ডিওয়াইএফ) কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বরুন চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে জেএসএস (সন্তু) গ্রুপের ১৮ থেকে ২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী কুতুকছড়ি উপর পাড়ায় (আবাসিক) হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা যুবনেতা ধর্মশিং চাকমার বাড়ি ঘেরাও করে। প্রাণ রক্ষায় তিনি বাড়ি থেকে সরে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার পিছু ধাওয়া করে গুলি চালিয়ে তাকে হত্যা করে।
এ সময় ধর্মশিং চাকমার দুই বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমা তাকে রক্ষায় এগিয়ে আসলে সন্ত্রাসীদের গুলিতে তারা দুজনই হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
বিবৃতিতে অবিলম্বে ধর্মশিং চাকমাকে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এদিকে ধর্মশিং চাকমাকে হত্যার ঘটনাটি অস্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, ‘কুতুকছড়িতে ধর্মশিং চাকমাকে হত্যার ঘটনায় জেএসএসের সম্পৃক্ততা নেই। থাকার প্রশ্নই আসে না।’
ধর্মশিং চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আব্দুর রকিব। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’


