রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
মামুনুর রশিদ কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে দোকান খুলে কেনা-বেচা করছিলেন মামুনুর। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে এসে নেশার জন্য চাঁদা দাবি করে। মামুনুর চাঁদা না দেওয়ায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় মাইনুল তার কাছে থাকা ছুরিটি জুয়েলের বুকে চালিয়ে দেয়। এতে জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক মাইনুলকে ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জনতার গণধোলাই থেকে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, স্থানীয় জনতা অভিযুক্তকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


