ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়া প্রযুক্তিকে কখনো পেছনে টেনে ধরা যায় না। ইন্টারনেটের গতি যেমন প্রতিনিয়ত বাড়ছে, ঢাকা সিটি করপোরেশনকেও সেই আধুনিকতার গতির সঙ্গে তাল মিলিয়ে পরিচালনা করা হবে।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘ধানমন্ডি আন্ডারগ্রাউন্ড কমন এক্সেস নেটওয়ার্ক’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান যুগে ইন্টারনেট কোনো বিলাসিতা নয় বরং মানুষের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ। তাই আধুনিক নগর ব্যবস্থাপনায় সমন্বিত অবকাঠামো উন্নয়নের কোনো বিকল্প নেই।
তিনি কেবল ইন্টারনেট নয়, বরং টেলিফোন ও ক্যাবল টিভি নেটওয়ার্ককেও সমন্বিতভাবে মাটির নিচ দিয়ে (আন্ডারগ্রাউন্ড) নেয়ার ওপর জোর দেন। পৃথকভাবে কাজ করলে নগরবাসীর দুর্ভোগ বাড়ে, তাই সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে পরিকল্পনা করার আহ্বান জানান তিনি।
একটি ‘ক্লিন সিটি’ ও ‘গ্রিন সিটি’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আবদুস সালাম বলেন, মাথার ওপর ঝুলে থাকা তারের জঞ্জাল নগরের সৌন্দর্য নষ্ট করে। ধানমন্ডিতে এই আন্ডারগ্রাউন্ড ব্যবস্থা চালুর ফলে বাসিন্দারা সেই দৃশ্যমান জঞ্জাল ও দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। পর্যায়ক্রমে এই কার্যক্রম পুরো ঢাকা শহরে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ করে শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় ‘ফ্রি ইন্টারনেট জোন’ চালুর প্রস্তাব দেন।
তিনি মনে করেন, এতে সাধারণ শিক্ষার্থীরা অতি সহজে প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। ডিএসসিসি এই উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয়কের ভূমিকা পালন করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে তিনি নিশ্চিত করেন।
এ সময় ধানমন্ডিকে একটি ঐতিহ্যবাহী আবাসিক এলাকা হিসেবে উল্লেখ করে প্রশাসক এর প্রাকৃতিক পরিবেশ রক্ষার তাগিদ দেন। ধানমন্ডি লেককে বাণিজ্যিক ব্যবহার থেকে মুক্ত রাখতে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। আন্ডারগ্রাউন্ড অবকাঠামো উন্নয়নে আইএসপিএবি-এর এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল বারী এবং আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ।


