অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আসামি রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে, জননিরাপত্তা নিশ্চিত করতে বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর প্রবেশ ও বহির্গমন ১১টি পয়েন্টে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ডিএমপি।
চেকপোস্টে ৭৬৯টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় এবং এ সময় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।


