জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্যগ্রহণ হবে রোববার।
এর আগে গত মঙ্গলবার বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ধার্য করে দিয়েছিল।
গত সোমবার এই মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ২৫ সেপ্টেম্বর সুনির্দিষ্ট আটটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। সেদিনই শুনানি শেষে ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধেরঅভিযোগ প্রমাণে প্রসিকিউশন ২০ জন সাক্ষীর তালিকা দিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। এছাড়া নথি হিসেবে তিনটি অডিও ও ছয়টি ভিডিও দেওয়া হয়েছে।
২০২৪ সালের ২৬ আগস্ট ইনু গ্রেপ্তার হন, এরপর থেকে কারাগারেই রয়েছেন তিনি।
জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
হাসানুল হক ইনু একজন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক।
আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইনু। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান তিনি।


