সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও কতটা বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কোনো মন্তব্য করেননি বাণিজ্য উপদেষ্টা।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ব্যবসায়ীরা যে দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি।
‘আমরা পর্যালোচনা করছি এবং তারপর ব্যবসায়ীদের সঙ্গে আবার আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটার ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কারণ, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১ হাজার ২০০ ডলারে পৌঁছেছে।
১৩ এপ্রিল, সয়াবিন তেলের প্রতি লিটার দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের দাম যুক্তিসংগত হারে বাড়ানোর জন্য কাজ করছে বলে জানা গেছে।


