যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার রাজধানীর পান্থপথে অবস্থিত পানি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাপাউবোর পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন যশোর পানি উন্নয়ন সার্কেল, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক বি এম আব্দুল মোমিন। সেনাবাহিনীর পক্ষ থেকে এটি স্বাক্ষর করেন ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ।
এই প্রকল্পের আওতায় যশোর ও খুলনা জেলার পাঁচটি প্রধান নদী—হরিহর নদী (৩৫ কিমি), হরি-তেলিগাতি নদী (২০ কিমি), আপারভদ্রা নদী (১৮.৫ কিমি), টেকা নদী (৭ কিমি) ও শ্রী নদী (১ কিমি)—মিলিয়ে মোট ৮১.৫ কিমি নদী পুনঃখনন করা হবে। প্রকল্পটির জন্য মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩৯.৯৮ কোটি টাকা।
সরকারের নির্দেশনা অনুযায়ী, সেনাবাহিনী ‘অর্পিত ক্রয়কার্য’ পদ্ধতিতে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। নদী খননের পাশাপাশি, সংশ্লিষ্ট এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, ড্রেজড মাটি সংরক্ষণ, এবং স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে রাস্তা ব্যবহারের উদ্যোগও নেওয়া হবে। প্রকল্পটি পরিবেশবান্ধবভাবে বাস্তবায়ন করতে টার্ফিং এবং বৃক্ষরোপণের ব্যবস্থা করা হবে।
এ সময়, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ বলেন, ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বর্তমান অন্তর্বর্তী সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনী যৌথভাবে এই কাজ বাস্তবায়ন, তদারকি ও অগ্রগতি পর্যবেক্ষণ করবে। কাজ শেষ হলে, এ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে বড় ধরনের পরিবর্তন আসবে।‘
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাপাউবোর দক্ষিণ-পশ্চিমাঞ্চল, খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম; সেনাবাহিনীর স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লে. কর্নেল তানভীর আহমেদ, পিএসসি; যশোর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী এবং সেনাবাহিনীর প্রকল্প কর্মকর্তা মেজর গাজী নাজমুল হাসান।


