ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল কুদ্দুস খান। আগামী ১ নভেম্বর থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।
১৯৯৬ সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রামের অধীনে প্রশিক্ষণার্থী হিসেবে ইউনিলিভারের সঙ্গে তার কর্মজীবন শুরু হয়।
ইউনিলিভারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ বছরের কর্মজীবনে রুহুল কুদ্দুস খান বাংলাদেশ এবং ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে নেতৃত্ব দিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে সাপ্লাই চেইন ডিরেক্টর এবং পরে কাস্টমার এক্সপেরিয়েন্স ও লজিস্টিকসের প্রধান হিসেবে তিনি ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইনকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ও ভবিষ্যতমুখী কাঠামোতে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এই প্রক্রিয়ায় তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন গ্রাহককেন্দ্রিকতা, ডেটা অ্যানালিটিক্স, প্রক্রিয়ার স্বয়ংক্রিয়করণ এবং ডিজিটাল রূপান্তরে।
রুহুল কুদ্দুস খান ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন।
ইউনিলিভার পাকিস্তান, তুরস্ক, আরব ও বাংলাদেশ ক্লাস্টারের প্রধান শাজিয়া সৈয়দ বলেন, ‘পরিবর্তন আনার অসাধারণ নেতৃত্ব, অনিশ্চয়তা মোকাবেলা করার দক্ষতা এবং ব্যবসা ও পরিবেশে প্রভাব বিস্তারে তার দুর্দান্ত রেকর্ড নিয়ে তিনি এই দায়িত্বে আসছেন। তার অপারেশনস সম্পর্কে গভীর জ্ঞান এবং মানুষের প্রতি তার আগ্রহ তাকে এই দায়িত্বের জন্য বিশেষভাবে উপযুক্ত করে তোলে।’


