পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় একটি জঙ্গি আস্তানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
সোমবারের এ ঘটনায় নিহতদের মধ্যে জঙ্গি ও সাধারণ নাগরিক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। খবর দ্য আরব নিউজের।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জাফর খান জানান, নিহতদের মধ্যে অন্তত ১০ জন সাধারণ মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুও আছে। এ ছাড়া প্রায় ১৪ জন জঙ্গিও মারা গেছে।
কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তানি তালেবানের তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কমান্ডার আমান গুল ও মাসুদ খান সেই কম্পাউন্ডে আস্তানা গড়ে তুলেছিল। আস্তানাটি ব্যবহার করা হচ্ছিল সড়কে পেতে রাখা বোমা তৈরির কারখানা হিসেবে।
তিনি আরও বলেন, ‘জঙ্গিরা সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছিল। সম্প্রতি তারা অন্য জেলায় কয়েকটি মসজিদেও অস্ত্র মজুদ করেছিল। বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।’
দেশটির নিরাপত্তা বাহিনী খাইবার, বাজাউরসহ উত্তর-পশ্চিম পাকিস্তানের বিভিন্ন এলাকায় নিয়মিত তালেবানবিরোধী অভিযান চালাচ্ছে। তবুও সম্প্রতি জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার বেশিরভাগের দায় স্বীকার করেছে টিটিপি।


