নরসিংদীতে ইত্যাদি অনুষ্ঠানের শুটিং দেখতে আসা প্রায় অর্ধশত দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, রামনগর হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, অনুষ্ঠানস্থলে প্রবেশের ক্ষেত্রে পাসের ব্যবস্থা ছিল। আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ওই অনুষ্ঠানে প্রবেশের সময় পাস হাতে থাকা নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী দর্শকদের ধাক্কাধাক্কি করে প্রবেশ করতে হয়েছে।
বিশৃঙ্খল এই পরিস্থিতিতে বেশ কয়েকজন সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তির মুঠোফোন চুরি হয়। এ সময় আহত হন বেশ কয়েকজন। নিরাপত্তার দায়িত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য থাকলেও তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন।
জানা গেছে, তিন হাজার অতিথির জন্য আসন বরাদ্দ করা হলেও আরও কয়েক হাজার ব্যক্তি অনুষ্ঠানে অনধিকার প্রবেশ করেন। পুলিশি বাধা উপেক্ষা করে, দেয়াল টপকে তারা ভিতরে প্রবেশ করেন। এ সময় ধাক্কাধাক্কির সুযোগে একটি চক্র প্রবেশ ফটক থেকেই ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক, প্রতিদিনের সংবাদের সাংবাদিকসহ অন্তত ৭ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রায় শতাধিক মুঠোফোন চুরি করে। পরে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে শতশত পাসধারী অতিথি দর্শক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, ‘অনুষ্ঠানে প্রবেশের জন্য প্রধান ফটক দিয়ে ঢোকার সময় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে হট্টগোল দেখা দেয়। এসময় আমিসহ অন্যান্য সাংবাদিকরা ভিতরে প্রবেশ করার পর দেখি আমার মোবাইলটি নেই। তাৎক্ষণিক গেইটে অবস্থানরত পুলিশকে চুরির ঘটনা জানানো হয়।’
জানানোর পর পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকা অবস্থায় ছয়জন সাংবাদিক, একজন জেলা প্রশাসনের কর্মচারিসহ অন্তত ৪০ থেকে ৫০ জনের মোবাইল চুরির ঘটনা পুলিশকে জানানো হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রবেশ গেইটে এত হট্টগোল হচ্ছে দেখেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, ‘ইত্যাদি অনুষ্ঠান উপভোগের জন্য জেলা, জেলার বাইরে থেকে হাজার হাজার দর্শক এসেছেন, পাশাপাশি হয়তো অনেক চোরও এসেছে। অনুষ্ঠানে বেশকিছু দর্শকের মুঠোফোন হারিয়েছে জেনেছি। থানায় রিপোর্ট করলে তাদের মুঠোফোন উদ্ধারের চেষ্টা করা হবে।’


