রাজধানীর রমনা এলাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসি মেরামতের সময় বিস্ফোরণে তিন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন মামুন (৩০), রসূল (৩০) ও রতন চন্দ্র (৩২)। রতন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।
সহকর্মী ও আহতদের বরাতে জানা যায়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হলরুমের ছাদে উঠে তারা এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় এসির কম্প্রেসার পাইপে ত্রুটিজনিত কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পাশে থাকা তিনজন দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মামুনের শরীরের ৩৫ শতাংশ, রসূলের ৬ শতাংশ এবং রতনের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মামুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসা শেষে রসূল ও রতনকে ছেড়ে দেওয়া হয়েছে।


