কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাসেল আহমেদ (৩২) নামে এক যুবককে পাঁচ দিনের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এই দণ্ডাদেশ দেন।
দণ্ড পাওয়া রাসেল আহমেদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকা-কিশোরগঞ্জ সড়কে চলাচল করা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এক নারী যাত্রীর সঙ্গে অসদাচরণ ও উত্ত্যক্ত করেন রাসেল। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশসহ উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
পরে অভিযুক্ত রাসেল ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দোষ স্বীকার করলে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


