সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের বিরুদ্ধে ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার দুদক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন।
মামলার অন্য আসামিরা হলেন- আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাসসির খান এবং মেয়ে শাফিয়া তাসনিম খান।
দুদক কর্মকর্তাদের অভিযোগ, সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবৈধভাবে অর্থ উপার্জন করেন।
তদন্তে দেখা যায়, তার নামে থাকা নয়টি আলাদা ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৫২ কোটি ২৩ লাখ টাকা জমা হয়েছে। এসব ব্যাংক হিসাব থেকে উত্তোলন করা হয়েছে ৩৫ কোটি ২৩ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা।
এ ছাড়া, আসাদুজ্জামানের স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে বাড়ি নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠার নাম করে ১৫ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৮৫১ টাকা গোপনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের দাবি, তাদের এই অর্থ অর্জনে আসাদুজ্জামান অবৈধভাবে সহায়তা করেছেন।
সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।
এর আগে দুর্নীতি দমন কমিশনে মামলা থাকায় সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামালের দুটি গাড়ি, রাজধানীর পূর্বাচলের নিউ টাউন প্রকল্পের ১০ কাঠা প্লট এবং দোহার ও আশুলিয়ায় ১১৮ কাঠা জমি জব্দের আদেশ দেয় আদালত।


