বিচার বিভাগের জন্য পৃথক সুপ্রীম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রশংসা করেন।
রাষ্ট্রপতি বলেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির দেখানো পথ ভবিষ্যতে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। এসময় বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য তাঁর নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নে বিশেষ সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
আগামী ২৭ ডিসেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তাঁর অবসরোত্তর জীবনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।


