সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংকে বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত দশ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার রহমত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ জানায়, সকালে আশুলিয়ার ভাদাইল এলাকায় ওই টিনশেড বাড়িতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। এসময় বাড়ির কেয়ারটেকার আব্দুল রাব্বানী ঘটনাস্থলেই মারা যান এবং নারী, পুরুষ ও শিশুসহ অন্তত দশ জন আহত হন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক খন্দকার জানান, বাড়িটি নির্মাণের সময় সেপটিক ট্যাংক থেকে অতিরিক্ত গ্যাস নির্গমনের জন্য একটি বিকল্প পাইপ স্থাপনের কথা ছিল। সেই পাইপটি না দেওয়ায় ট্যাংকের ভেতর অতিরিক্ত গ্যাস জমে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্যাসের বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, পুলিশ বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছে।


