বিশ্বকাপে ছন্দ ধরে রেখে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। শুক্রবারের জয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিল সুইসরা।
ভ্যাংক্যুভারে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বলের দখলে এগিয়ে ছিল আলজেরিয়া। তবে সেই দখল কাজে লাগিয়ে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সুইজারল্যান্ড এবং প্রথমার্ধেই এগিয়ে যায়।
প্রথম গোলটি আসে ব্রিল এমবোলোর পা থেকে। গোলটির পেছনে বড় ভূমিকা রাখেন ২০ বছর বয়সী ইয়োহান মানজাম্বি। আলজেরিয়ার অর্ধ থেকে বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে তিনি আইসা মান্দিকে কাটিয়ে বক্সে ঢোকেন। এরপর সহজ একটি পাস বাড়িয়ে দেন এমবোলোর উদ্দেশে। কাছ থেকে সহজেই বল জালে পাঠান এমবোলো।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র ৪৬ সেকেন্ডের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। আলজেরিয়ার রক্ষণভাগের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগায় তারা।
প্রথমে রামি বেনসেবাইনি বিপদমুক্ত করতে গিয়ে বল সরাসরি ডেনিস জাকারিয়ার কাছে ফিরিয়ে দেন। এরপর রাফিক বেলঘালির দুর্বল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে যান দান এনদোয়ে। তিনি নিচু শটে বল জালে পাঠান। গোলরক্ষক লুকা জিদান বল ছুঁতে পারলেও গোল ঠেকাতে পারেননি।
ম্যাচের শেষদিকে তৃতীয় গোলের সুযোগও পেয়েছিল সুইজারল্যান্ড। তবে ফাবিয়ান রিডার একেবারে ফাঁকা জাল সামনে পেয়েও বলের সঙ্গে ঠিকমতো সংযোগ করতে না পারায় সুযোগটি নষ্ট হয়। যদিও এতে ম্যাচের ফলাফলে কোনো প্রভাব পড়েনি।
এই জয়ের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজেদের দুর্দান্ত অভিযান অব্যাহত রাখল সুইজারল্যান্ড। চার ম্যাচে অপরাজিত থাকা দলটি এর আগে বসনিয়া ও হার্জেগোভিনা, কানাডা এবং আলজেরিয়াকে হারিয়েছে।
অন্যদিকে এই হারে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার স্বপ্ন ভেঙে গেল আলজেরিয়ার। ম্যাচের কিছু সময় তারা সম্ভাবনার ইঙ্গিত দিলেও রক্ষণভাগের ভুল এবং আক্রমণভাগের দুর্বলতা শেষ পর্যন্ত তাদের বিদায় নিশ্চিত করেছে।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা ঘানা।


