ফুটবল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ভালোবাসা ও সম্মানের জায়গায় যে কোনো বিভেদ নেই, তারই এক দৃষ্টান্ত দেখা গেল অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশকে ঘিরে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ হিসেবে পরিচিত এই অভিনেতা পেয়েছেন এক ব্যতিক্রমী উপহার।মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি শেয়ার করেন
পলাশ। তিনি জানান, এক ভক্ত তার ঠিকানায় কয়েকটি আম পাঠিয়েছেন। বিশেষত্ব হলো, প্রতিটি আমে লাগানো ছিল ব্রাজিলের পতাকার স্টিকার।
উপহারটি পাঠিয়েছেন নওগাঁর মিশকাত জারির ইসলাম নামের এক তরুণ, যিনি নিজেকে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন। উপহারের সঙ্গে তিনি একটি চিঠিও পাঠান।
চিঠিতে ওই ভক্ত জানান, পলাশের অভিনয় ও ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে ‘কাবিলা’ চরিত্রের মাধ্যমে অভিনেতা অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
মিশকাত আরও লেখেন, ফুটবলে তার সমর্থন আর্জেন্টিনার প্রতি থাকলেও পলাশের অভিনয়ের ভক্ত হিসেবে তিনি সবসময় অভিনেতার পক্ষেই আছেন।
ভক্তের এই ভালোবাসায় সাড়া দিয়ে পলাশ বলেন, ফুটবলের সৌন্দর্যই হচ্ছে পারস্পরিক সম্মান ও ভালোবাসা। ব্রাজিলের স্টিকার লাগানো আম পাঠানো ব্যক্তি নিজে আর্জেন্টিনার সমর্থক হলেও ভালোবাসা থেকেই এমন উপহার দিয়েছেন। দল-মতের ঊর্ধ্বে মানুষই সবচেয়ে বড় পরিচয় বলেও মন্তব্য করেন তিনি।
পলাশ জানান, ভক্তের পাঠানো চিঠি তাকে আবেগাপ্লুত করেছে এবং কাজের প্রতি তার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে তিনি জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জানা গেছে, নতুন পর্বগুলোতে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল দ্বৈরথ তুলে ধরা হবে।


