আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের রেফারি ২০২২ বিশ্বকাপ ফাইনালের মার্সিনিয়াক

আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের রেফারি ২০২২ বিশ্বকাপ ফাইনালের মার্সিনিয়াক
২০২২ বিশ্বকাপ ফাইনালে মার্কাস থুরামকে হলুদ কার্ড দেখানোর পর রেফারি সাইমন মার্সিনিয়াকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এমবাপ্পে এবং তার সতীর্থরা। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা পোলিশ রেফারি সাইমন মার্সিনিয়াককে বাংলাদেশ সময় বুধবার সকালে কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম ‘গ্রুপ জে’ ম্যাচটি পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

৪৫ বছর বয়সী মার্সিনিয়াক বিশ্ব ফুটবলের অন্যতম সেরা রেফারি হিসেবে ব্যাপকভাবে সমাদৃত। তার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য দায়িত্বটি ছিল ২০২২ সালের লুসাইল স্টেডিয়ামের বিশ্বকাপ ফাইনালে, যেখানে অতিরিক্ত সময়ের পর এক রোমাঞ্চকর ৩-৩ ড্রয়ের পর পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়েছিল আর্জেন্টিনা। এই পোলিশ রেফারি অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই ম্যাচটি পরিচালনা করেছিলেন। বিশেষ করে থুরামের একটি ডাইভ তিনি সঠিকভাবে ধরেছিলেন, যা বিশ্বজুড়ে টেলিভিশন পর্দায় চোখ রাখা লাখো দর্শক শুরুতে ফাউল বলে ভুল ভেবেছিলেন। ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত সেই ফাইনালে তিনি মোট সাতটি হলুদ কার্ড দেখিয়েছিলেন।

এটি হতে যাচ্ছে মার্সিনিয়াকের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। তিনি ২০১৮ সালের আসরে দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন, যার মধ্যে মস্কোতে আইসল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ড্র ম্যাচটি অন্তর্ভুক্ত ছিল–যে খেলায় মেসি একটি পেনাল্টি মিস করেছিলেন এবং রেফারি কোনো কার্ড দেখাননি। ২০২২ সালের টুর্নামেন্টে তিনি তিনটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান, যার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের শেষ ১৬-এর জয়টি অন্যতম।

বিশ্বকাপের বাইরেও মার্সিনিয়াক ফুটবলের সর্বোচ্চ স্তরে এক অসাধারণ রেকর্ড গড়েছেন। তিনি রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার ২০১৮ সালের উয়েফা সুপার কাপ এবং ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মধ্যকার ২০২৩ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন, যা কোনো বড় ধরনের বিতর্ক ছাড়াই সম্পন্ন হয়েছিল। এ ছাড়া, স্পেনের এবং ইংল্যান্ডের মধ্যকার উয়েফা ইউরো ২০২৪-এর ফাইনালে তিনি চতুর্থ অফিসিয়াল হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০১১ সাল থেকে ফিফালিস্টেড রেফারি হিসেবে দায়িত্ব পালন করা মার্সিনিয়াক সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ৭১২টি ম্যাচ পরিচালনা করেছেন। যেখানে তিনি ম্যাচ প্রতি গড়ে ৪ দশমিক শূন্য ৬টি হিসেবে মোট ২ হাজার ৮৯৪টি হলুদ কার্ড এবং ১৬১টি লাল কার্ড দেখিয়েছেন। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন কর্তৃক তিনি ২০২২ এবং ২০২৩–উভয় বছরের জন্যই বিশ্বের সেরা রেফারি নির্বাচিত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad