রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
শনিবার রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবু সাঈদ হত্যা মামলার ১ নম্বর আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত হাসিবুর রশীদ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, যার মধ্যে সাবেক উপাচার্য হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে, গত বছরের ৩০ জুন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
অধ্যাপক হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। ২০২১ সালের জুন মাসে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন এবং ওই সময় ১৬ জুলাই পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।


