দুই দশক ধরে দেশীয় ছবি অস্কারে ‘বিদেশি ভাষা প্রতিযোগীতা’ বিভাগে জমা পড়ছে। কিন্তু একবারও প্রতিযোগীতার চূড়ান্ত তালিকায় যেতে পারছে না। আগের বারগুলোর মত এবারও অস্কারের সংক্ষিপ্ত তালিকায় যেতে পারেনি বাংলাদেশি ছবি।
৯৮তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ জায়গা পায়নি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অ্যাকাডেমি ১৫টি ছবির শর্টলিস্ট প্রকাশ করে, যেখানে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও নরওয়েসহ বিভিন্ন দেশের ছবি রয়েছে। এখান থেকে ভোটে চূড়ান্ত পাঁচটি মনোনয়ন ঠিক হবে।
এবার মোট ৮৬টি দেশের ছবি বিবেচনায় ছিল। বাংলাদেশ থেকে ‘বাড়ির নাম শাহানা’ ছাড়াও পাঁচটি ছবির আবেদন পড়ে, সেখান থেকে স্থানীয় অস্কার কমিটি শাহানাকেই মনোনয়নের জন্য পাঠিয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হলো—এটাই ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী নির্মাতার ছবি অস্কারে পাঠানো।
নব্বইয়ের বাস্তব ঘটনায় নির্মিত ছবিটিতে নির্যাতন থেকে বেরিয়ে দাঁড়ানোর এক কিশোরীর লড়াই দেখানো হয়েছে। দীপা চরিত্রে আছেন সংগীতশিল্পী আনান সিদ্দিকা। ছবিটি দেশে মুক্তি পায় সেপ্টেম্বর ২০২৪-এ, আন্তর্জাতিক উৎসবে পুরস্কারও পেয়েছে।
অস্কারের মোট ১২টি শাখায় শর্টলিস্ট প্রকাশ হয়েছে। চূড়ান্ত মনোনয়ন জানানো হবে আগামী বছরের ২২ জানুয়ারি আর পুরস্কার বিতরণ হবে ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসে। অনুষ্ঠানের সঞ্চালক থাকছেন কোনান ও’ব্রায়েন।


