সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগ এখনো মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি।
রোববার রাত ২টার পরে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ ঢাকার উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ দেন।
অভিযোগে অন্য যে দুজনের নাম রয়েছে, তারা হলেন—মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, অভিযোগটি সাইবারসংক্রান্ত বিষয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য রোববার সন্ধ্যায় ধানমন্ডির একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়।


