ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রথমবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘আনন্দমেলা’য় অতিথি হলেন। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই ম্যাগাজিন অনুষ্ঠানে দেখা যাবে তাকে। নিজের অভিনীত ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করেছেন তিনি। এছাড়া অনুষ্ঠানের সঞ্চালক নুসরাত ইমরোজ তিশার সঙ্গে আড্ডায় মেতে ওঠেন বড় পর্দার এই অভিনেতা। এবারের ‘আনন্দমেলা’র আরেক সঞ্চালক ইন্তেখাব দিনার।
২০১৫ সালে শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ চলচ্চিত্রে জুটি বাঁধেন শাকিব খান ও নুসরাত ইমরোজ তিশা। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। ‘আনন্দমেলা’র মাধ্যমে ১০ বছর পর দুই তারকাকে একফ্রেমে পাচ্ছেন দর্শকরা। এবারের ঈদে ছোট পর্দায় শাকিবের উপস্থিতি নিঃসন্দেহে হতে যাচ্ছে অন্যতম আকর্ষণ।

‘আনন্দমেলা’র এবারের আয়োজনে রয়েছে কয়েকটি চমক। চলচ্চিত্রের গান ও ফোক গানের তালে থাকছে চিত্রনায়িকা পূজা চেরি ও প্রার্থনা ফারদিন দীঘির নৃত্য। ‘ওহে শ্যাম’, ‘প্রেমের বাক্স’ ও ‘দয়াল’ গান তিনটির কোলাজে নেচেছেন পূজা চেরি। ‘মিলন হবে কতদিন ‘, ‘নেশা লাগিল রে’, ‘সোহাগ চাঁদ বদনি’ গানের সঙ্গে নেচেছেন দীঘি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি করা অনবদ্য তিন চরিত্র ‘নূরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদ সুলতানা’কে নিয়ে তিন মডেল-অভিনেত্রী নৃত্য পরিবেশন করেছেন। এরমধ্যে ‘চাঁদের কন্যা চাঁদ সুলতানা’ গানে আনিকা কবির শখ, ‘নূরজাহান নূরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে’ গানের তালে সামিরা খান মাহি ও ‘লাইলি তোমার এসেছে ফিরিয়া’ গানের সঙ্গে নেচেছেন মীম চৌধুরী। এছাড়া নজরুলের আরেক কালজয়ী সৃষ্টি ‘আমি পূরব দেশের পুরনারী’ গানের সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন এই তিন তারকা।

অনুষ্ঠানের আরেক চমক কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গানটি। এছাড়া থাকছে ওয়ারফেজ ব্যান্ডের পরিবেশনা।
ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে রয়েছে গেম শো। এতে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির আহমেদ, নারী ক্রিকেট দলের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও আন্তর্জতিক পদকপ্রাপ্ত আর্চার বন্যা আক্তার।
গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব দর্শকদের হাসির খোরাক জোগাবে। এছাড়া ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ ও ‘টেলিফোন পর্ব’ বিষয়ে চারটি মজার নাটিকা। এগুলোতে অভিনয় করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, সুভাশিষ ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। অনুষ্ঠানের শুটিংয়ে উপস্থিত দর্শকদের জন্য ছিল বিশেষ পর্ব।

বিটিভিতে ঈদের দিন রাত ১০টায় প্রচার হবে বিশেষ ‘আনন্দমেলা’। প্রযোজনায় সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ।


